ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলমের হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ। অভিযোগে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা শাহরিয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ জানান, অভিযোগপত্রে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। চারজনের বিরুদ্ধে প্রমাণ না থাকায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অব্যাহতির সুপারিশ পাওয়া আসামিরা হলেন তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন। ডিবি বলেছে, তারা সবাই মাদক কারবারি।

গত ১৩ মে দিবাগত রাতে শাহরিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের ছাত্র এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এ ঘটনায় ১৪ মে শাহরিয়ারের বড় ভাই শরীফুল ইসলাম শেরেবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।