গাইবান্ধা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকায় বসবাসরত গাইবান্ধা জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ও মিলনমেলার পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিল শুক্রবার (১৩ মার্চ) ইফতার সময় উত্তরা এলাকার আইইএস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ঢাকায় অবস্থানরত গাইবান্ধাবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং জেলার মানুষের মাঝে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ঢাকায় বসবাসরত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার চারজন সম্মানিত সংসদ সদস্য। তারা হলেন— গাইবান্ধা সদর-১ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার এমপি, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান এমপি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি এবং গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস এমপি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গাইবান্ধা উন্নয়ন (ঢাকা) ফোরামের সভাপতি মোহাম্মদ নওশের আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সাঈদ খুদরি লিখন।
অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর জেলার বিভিন্ন উপজেলার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।বক্তারা বলেন, রাজধানীতে বসবাস করলেও গাইবান্ধার মানুষের সঙ্গে জেলার আত্মিক বন্ধন অটুট রয়েছে। এ ধরনের আয়োজন গাইবান্ধাবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে এবং ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।





