গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে এনজিও কর্মীর সঙ্গে এক সদস্যার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাকী বেগম (স্ত্রী: মিন্টু মিয়া) নামে এক হতদরিদ্র নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট এলাকার পালানপাড়া গ্রামের বাসিন্দা লাকী বেগম একটি এনজিও (ব্র্যাক) থেকে ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে তা পরিশোধ করে আসছিলেন। সম্প্রতি নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বুধবার (৬ মে) সকাল আনুমানিক ১১টার দিকে আমবাগান সড়কে দায়িত্বরত মাঠকর্মী ছালমা বেগম তার কাছে কিস্তির টাকা দাবি করেন।
অভিযোগে বলা হয়, ওই সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনায় লাকী বেগম মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাঠকর্মী ছালমা বেগমের বক্তব্য জানতে সংশ্লিষ্ট অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। তবে ব্রাঞ্চ ম্যানেজার আজাহার আলী জানান, তিনি ঘটনাস্থলের বাইরে রয়েছেন। পরবর্তীতে এরিয়া ম্যানেজার শাহাবুদ্দিন বলেন, সদস্য লাকী বেগম ঋণের টাকা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন এবং কথাকাটাকাটির একপর্যায়ে মাঠকর্মীও লাঞ্ছিত হয়েছেন বলে দাবি করেন।তিনি আরও জানান, এ ঘটনায় ছালমা বেগম থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এসআই সুপদ হালদার জানান, উভয় পক্ষের কাছ থেকে পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।





