গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাস তল্লাশি চালিয়ে প্রায় ২ কেজি শুকনো গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে উপজেলার হাতিবান্ধা দইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নারী হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভেলামারী দিঘিরপাড় গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী রোখসানা মহুরি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার একটি টিম সাদুল্লাপুর উপজেলার হাতিবান্ধা দইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে রোখসানা মহুরির কাছে থাকা ব্যাগ থেকে প্রায় ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় ওই মাদকদ্রব্য নিয়ে আসছিলেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





