গাইবান্ধা জেলা কারাগারে আটক পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৪টায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তথ্যটি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন।


শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী উপজেলা সদরের বৈরি হরিণ মারি গ্রামের মৃত আব্দুল জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষও ছিলেন।


পরিবারের অভিযোগ, মিথ্যা মামলায় তিনি দেড় বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দীর সঙ্গে থাকার কারণে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন।


জেল সুপার জানান, শামিকুল ইসলাম সরকার লিপন ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে গাইবান্ধা সদর থানার একটি জিআর মামলায় কারাগারে ছিলেন। শনিবার রাত ১২টার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।