গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী কোচ ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের ফাসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী ‘হানিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী কোচকে একই দিকে আসা একটি মাইক্রোবাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পরিবহনের কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।