গাইবান্ধার সাঘাটায় থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলাকারী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সাঘাটা থানার পেছনে সাঘাটা হাইস্কুলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জানান, রংপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি বিশেষ ডুবুরি দলসহ মোট সাত সদস্যের একটি উদ্ধারকারী দল সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তল্লাশি শুরু করে। শুরু করার মাত্র ৪০ মিনিটের মধ্যেই পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবক সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীর ওপর আচমকা ছুরিকাঘাত করে। হামলায় মহসিন আলীর মাথা ও হাতে গুরুতর জখম হয়। একইসঙ্গে হামলাকারী থানার রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে পালিয়ে থানার পেছনের পুকুরে ঝাঁপ দেয় ওই যুবক। ঘটনার পর রাতভর অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং কী উদ্দেশ্যে সে পুলিশের ওপর হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং হামলার পেছনে কোনো সংগঠিত উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আহত এএসআই মহসিন আলী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।