গাইবান্ধা জেলা প্রতিনিধি: ব্রিজের নিচে নদীর পানিতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতজন বন্ধু মিলে ব্রিজের নিচে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন হঠাৎ পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

পরে স্থানীয় লোকজন প্রশাসনকে জানালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাওয়া সম্ভব না হওয়ায় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে পানির নিচ থেকে ওই শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করে উপরে তোলে।

নিহত শিক্ষার্থী অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থানে গোসল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে, তবুও সচেতনতার অভাবে অনেকে ঝুঁকি নেয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।