গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরে জাল টাকাসহ শামীম মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে শহরের কাটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আটক শামীম মিয়া বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সাদনী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শামীম মিয়া কাটপট্টি এলাকার একটি হোমিওপ্যাথি দোকানে ওষুধ কিনতে যান। এ সময় তিনি মূল্য পরিশোধের জন্য ৫০০ টাকার একটি নোট দেন। দোকান মালিক নোটটি হাতে নিয়ে সন্দেহ হলে বিষয়টি আশপাশের লোকজনকে জানান।
পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে তার কাছে থাকা আরও ২২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং জব্দকৃত জাল নোটসহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল টাকা প্রচলনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে জাল নোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।





