গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি শিশুদের গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনারস স্টাডিজ।

সংস্থাটির তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে অন্তত এক হাজার ৮০০-এর বেশি শিশুকে আটক করা হয়েছে। মিডল ইস্ট মনিটর-এর বরাতে বলা হয়, এসব গ্রেপ্তার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং শিশুদের লক্ষ্য করে একটি পরিকল্পিত নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে শিশুদের ওপর নির্যাতনের মাত্রা ও ধরন আরও কঠোর হয়েছে। খাদ্য সংকট, শারীরিক নির্যাতন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সংস্থাটি জানায়, মেগিড্ডো কারাগারে আটক ১৭ বছর বয়সি ওয়ালিদ আহমদের মৃত্যু হয়েছে খাদ্য ও চিকিৎসার অভাবে।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, শিশুদের গ্রেপ্তারের সময় অনেক ক্ষেত্রে সহিংস অভিযান চালানো হয়। গভীর রাতে বাড়িতে হানা, ভাঙচুর এবং জোরপূর্বক আটক করার ঘটনাও ঘটছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে গিয়ে মারধর, অপমান ও অমানবিক পরিবেশে আটকে রাখা হয় বলে দাবি করা হয়েছে।