গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি যানবাহনকে লক্ষ্য করে ভারী বিস্ফোরক ব্যবহার করে হামলার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামি জিহাদ (পিআইজে) গোষ্ঠীর সশস্ত্র শাখা, আল-কুদস ব্রিগেডস।

শনিবার (২৮ জুন) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, খান ইউনিস শহরের উত্তরের হাইওয়ে ৫-এ তাদের মুজাহিদরা একটি ইসরায়েলি সামরিক যানে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালায়। তবে হামলার নির্দিষ্ট সময় এবং হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে একই দিনে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো পৃথক হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মেডিকেল সূত্র। নিহতদের মধ্যে ১১ জন খান ইউনিসে, দুইজন দেইর আল-বালাহতে, দুইজন জবালিয়ায়, একজন গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে এবং একজন রাফার উত্তরে একটি মানবিক সহায়তা কেন্দ্রের কাছে নিহত হন।

গাজার ওপর ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মানবিক পরিস্থিতিও দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। সূত্র: আল জাজিরা