অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার হামলায় একদিনে আরও ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫৩ জন। এর ফলে ইসরাইলের গণহত্যামূলক অভিযানে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

এদিন নতুন করে ২৭৯ জনের পরিচয় শনাক্ত করে সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে, যার ফলে নিহতের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। একই সময়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ২৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ৬৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র মানবিক সহায়তা সংগ্রহের সময় হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৮৩ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ২৭৫ জনের বেশি।

এর আগে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তি কার্যকর হলেও ১৮ মার্চ তা ভেঙে দিয়ে ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এরপর থেকে নতুন করে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় চলমান এই মানবিক বিপর্যয় বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানালেও হামলা থামার কোনো লক্ষণ নেই।