গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নতুন হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।


আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভাঙার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার ৭৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১৯ হাজার ৮০৭ জন আহত হয়েছেন।


এদিকে ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রসঙ্গে গাজাকেও এর আওতায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রামাল্লাহভিত্তিক ফিলিস্তিন প্রশাসন।


ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাই। তবে এই পদক্ষেপ তখনই পূর্ণতা পাবে, যখন গাজাতেও অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।”


উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।