গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সিরাজুল ইসলাম সাথীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে পূর্বাচল র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


র‌্যাব জানায়, সিরাজুল ইসলাম সাথীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


উত্তরা র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ বলেন, “চাঁদাবাজির অভিযোগে দুপুরে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সাথীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।”


এ বিষয়ে পূবাইল থানার ওসি শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, “আমরা এখনো র‌্যাবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”


প্রসঙ্গত, গত রোববার (৬ জুলাই) বিএনপি গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি ও দলের নীতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয় দলটি। বহিষ্কৃত অন্য তিন নেতা হলেন—সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা এবং সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন)।


বহিষ্কারের বিষয়টি বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।