গাজীপুরের পূবাইলে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পূবাইল বাজার রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে।

\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় ওই নারী দুই শিশুসহ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

\r\n

নিহতদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ড অনুযায়ী, নারীর নাম হাফেজা খাতুন মালা, পিতা মোজাম্মেল হক। কার্ড অনুযায়ী তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকায়। নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

\r\n

পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা জানিয়েছেন, রেলগেটের অদূরে ওই নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তিনি আরও জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।