গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আসামি ‘স্বাধীন’ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার (৯ আগস্ট) সকালে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী।
তিনি জানান, প্রযুক্তিগত নজরদারি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে স্বাধীন হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে মামুন খান চিশতী বলেন, “সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক নারী ও ‘বাদশা’ নামে এক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাদশা ওই নারীকে থাপ্পড় দিলে তুহিন তা ভিডিও করতে শুরু করেন। তখন স্বাধীনসহ অন্যান্য আসামিরা তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।”
র্যাব জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার অন্য আসামিদেরও জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক মহলসহ সাধারণ মানুষ।






