প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার সম্প্রতি সংগীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। তবে এ সিদ্ধান্তকে ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে একাধিক ইসলামি দল রাজধানীতে মিছিল-সমাবেশ করে এর বিরোধিতা জানায়।
তাদের এ দাবি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন শোবিজ অঙ্গনের অনেকে। এবার মতামত দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারও।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। কার্ডে লেখা ছিল, “গানের শিক্ষক নয়, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন।”
এ প্রসঙ্গে দীপা খন্দকার লিখেছেন, “গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ।” এরপর নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি জানতে চান, “আপনার?”
তার পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন।
প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন চলচ্চিত্র ‘রিতু কাহিনী’, যা ইতোমধ্যেই লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।





