নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয়।


সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক রিনা (৩০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে।


সহকর্মী আসমা জানান, রোববার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা না দিয়ে কাজ চালানোর নির্দেশ দেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি পড়ে যান। দ্রুত তাকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান।


রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।


কাঁচপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইনচার্জ) সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনের নারী শ্রমিক রিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করলে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।