ইবি প্রতিনিধি: গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ‘সি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১৪৫৬ জন পরীক্ষার্থী। 

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 এ উপলক্ষে সকাল ৯ টা থেকেই কেন্দ্রের আশেপাশে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সমাগম ঘটে। সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে করে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করানো হয়।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষায় আনসার, র‍্যাব ও পুলিশের টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য চলছে ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি। 

প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মেইন গেটের সামনে দুই পাশে  ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।