গোটা দেশকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম স্বপন বলেন, নাবিল গ্রুপ শুধু অর্থনীতিতে অবদানই রাখতে চায় না, ভবিষ্যতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে চায়।


শনিবার দুপুরে রাজশাহীর পবার খড়খড়িতে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে মিল মালিকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমিনুল ইসলাম জানান, বহু চ্যালেঞ্জ পার হয়ে নাবিল গ্রুপ আজকের অবস্থানে এসেছে। তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির ২২টি কনসার্ন আছে। ২৪ হাজার মানুষের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে, যার মধ্যে ১৮ হাজার কর্মী সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত। সব মিলিয়ে দেড় লাখ মানুষ নানাভাবে নাবিল গ্রুপের ওপর নির্ভরশীল।


তিনি আরও বলেন, সমাজের উন্নয়নেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে চায়। দেশের বিভিন্ন এলাকায় নাবিল গ্রুপের মতো উদ্যোগ গড়ে তোলার ইচ্ছা তাদের আছে। তার মতে, একসঙ্গে কাজ করলেই বাংলাদেশকে একটি বড় ব্যবসায়িক হাবে পরিণত করা সম্ভব।


এ ছাড়া আগামী বছর থেকেই চাল রপ্তানির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, এনবিআরের তথ্য অনুযায়ী নাবিল গ্রুপ এখন দেশের দ্বিতীয় সেরা প্রতিষ্ঠান। ভবিষ্যতে ঢাকার বাজারে আরও দৃঢ় অবস্থান তৈরি করে খুব দ্রুত দেশের এক নম্বর কোম্পানি হয়ে উঠতে চায় তারা।