গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই হামলায় কারাগারের মূল ফটক ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা প্রথমে কারাগারের প্রধান ফটকে ভাঙচুর চালায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দায়িত্বরত বেশ কয়েকজন কারারক্ষী হামলার শিকার হয়ে আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, একই দিন দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনা ঘটে। এনসিপির সমাবেশস্থলে, নেতাকর্মীদের গাড়িবহর, পুলিশের গাড়ি এবং ইউএনওর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে।

বর্তমানে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।