গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ৮ নেতা তাদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন—মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার এবং ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।
সংবাদ সম্মেলনে মনজ মৌলিক পদত্যাগকারী আটজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “আমরা ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।”





