জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। এরপরই শুরু হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
আজ বেলা পৌনে ৩টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।
উত্তপ্ত পরিস্থিতির জেরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন।





