টানা তিন ম্যাচে পাঁচ গোল করে ফর্মে ছিলেন লিওনেল মেসি, তবে টরন্টো সফরে সেই ধারায় লাগল ছেদ। আর্জেন্টাইন মহাতারকা গোল করতে ব্যর্থ থাকায় ইন্টার মায়ামি ১-১ ড্র করে মাঠ ছাড়ে টরন্টো এফসির বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে মাথা লাগিয়ে গোল করেন তাদেও অ্যালেন্দে। এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল জয় নিশ্চিত, কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে টরন্টো। ৬০ মিনিটে কাছ থেকে গোল করেন জর্জে মিহাইলোভিচ। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করলেও মেসি এবং মায়ামি সমাধান করতে পারেনি, যেখানে টরন্টো গোলরক্ষক শন জনসনের সেভ ছিলেন গুরুত্বপূর্ণ।

২৩ ম্যাচে ২৪ গোল করে এখনও এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি। ড্রয়ের পর ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে চার পয়েন্ট পিছিয়ে তারা, তবে হাতে রয়েছে একটি ম্যাচ।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “আমরা জেতার যোগ্য ছিলাম। বেশিরভাগ সুযোগ আমাদেরই ছিল। হয়তো দ্বিতীয়ার্ধে ১০-১৫ মিনিট এলোমেলো হয়ে গিয়েছিল, তবে নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত আমাদেরই ছিল। গোলকিপার আজকের নায়ক।”

তিনি আরও বলেন, “আমরা এখানে জিততে এসেছিলাম। পয়েন্ট টেবিলে উপরে উঠতে চেয়েছিলাম। সামনে চারটি ম্যাচ আছে, সেগুলো জিতে যথাসম্ভব উপরের স্থানে শেষ করার চেষ্টা করব।”