গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক অসহায় বিধবা নারীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভূমিখেকোর বিরুদ্ধে। অভিযোগ আছে, জমিতে গেলে ভুক্তভোগী পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি।


জানা গেছে, মৃত ইউছুব আলী ১৯৭৩-৭৪ সালে ১.৫০ একর জমি বন্দোবস্ত নেন। মৃত্যুর পর জমিটি তাঁর স্ত্রী ও ছেলে হারুনুর রশিদের নামে রেকর্ড হয় এবং দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করছিলেন। সম্প্রতি সরকারি সার্ভেয়ার জমির সীমানা পরিমাপ করে বাঁশের খুঁটি ও লাল পতাকা টানেন।


কিন্তু একই গ্রামের ছালেক আহমদ, মইন উদ্দিন, রেহান আহমদ, মরম আলী, নজরুল ইসলাম, আব্দুল হান্নান ও আব্দুর রব সংঘবদ্ধ হয়ে ওই সীমানার খুঁটিগুলো উড়িয়ে দিয়ে বেআইনিভাবে জমি দখল করে ধানের চারা রোপণ করেন। ভুক্তভোগী পরিবার চেষ্টার পরও জমি ফিরে পাননি। বরং তারা চাষাবাদ করতে গেলে দখলদাররা দা, শেল, শুলফি ও লাঠিসোঁটাসহ হামলা চালান।


এদিকে অভিযোগ উঠেছে, মরম আলী ১৪৮ নং জাল দলিল দেখিয়ে ৩৫ শতক জমি নিয়ে ভুক্তভোগীদের সাথে পায়তারা করছেন। পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত জমি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।


অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন না ধরায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।