গোয়াইনঘাট প্রতিনিধিঃসিলেটে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল নামক স্থানে ট্রাক চাপায় ঘটনাস্থলেই স্কুল শিক্ষক ও আজ শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসাইন (৪০) ও গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লেবানন প্রবাসী আব্দুল আহাদ বাবুল (৫৭)।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে করে ঘটনাস্থলেই মোশাররফ হোসাইন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নিলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।