ইশরাক হোসেন জানিয়েছেন, গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে এবং ঈদের আগে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ সময় রমজান ও ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শ্যামবাজার এলাকার জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সমস্যা জানা গেলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সহজ হয়।

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনের কার্যক্রম ও মাঠপর্যায়ে চ্যালেঞ্জগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।