জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে পরিকল্পিত চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে পরিবারের সদস্যদের আটকে রেখে গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে সৌদি প্রবাসী মোহসিন আলীর বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রবাসী মোহসিন আলীর স্ত্রী বাড়িতে গরু লালন–পালন করতেন। সম্প্রতি তিনটি গরু বিক্রি করার পর গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু ছিল। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন—গোয়ালঘরে গরুর জন্য রাখা ঘাস ঠিকই আছে, কিন্তু একটি গরুও নেই।
ধারণা করা হচ্ছে, চোরেরা রাতের আঁধারে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে মূল ফটকের তালা কেটে গোয়ালঘরে প্রবেশ করে। এরপর গরুগুলো নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের যেন বের হতে না পারে, সেজন্য ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে দেয়।
প্রবাসীর মা মনোয়ারা বেগম জানান, চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। রাতে সবাই ঘুমিয়ে থাকায় কিছুই টের পাননি তারা। ভোরে দরজা খুলতে গিয়ে বাইরে শিকল দেখে সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের ডেকে এনে দরজা খুলে বাইরে এসে দেখেন—গোয়ালঘর ফাঁকা।
প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পরিবারের সদস্যরা গরুগুলো উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর করছেন।





