চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা বিতর্কে শ্রমিক সংগঠন স্কপ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল করেছে। মিছিলটি নগরীর নয়াবাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বড়পুল এলাকায় গিয়ে সমাবেশে শেষ হয়।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর জাতীয় সম্পদ ও কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার স্বার্থে এনসিটি, লালদিয়া টার্মিনালসহ মূল স্থাপনাগুলো বিদেশি অপারেটরের হাতে দেওয়া হচ্ছে, তা জনগণের মতামতের বিপরীতে এবং জাতীয় স্বার্থবিরোধী।
শ্রমিক নেতারা আরও বলেন, নির্বাচিত নয় এমন সরকারের পক্ষে চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত সম্পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনৈতিক। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের একতরফা ইজারার সিদ্ধান্ত বর্তমান সরকার বহাল রেখেছে, যা দুঃখজনক।
বক্তারা জানান, চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরের হাতে দেওয়ার কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না। এ আন্দোলন কেবল শ্রমিকদের নয়, সমগ্র জনগণের আন্দোলন এবং রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজকে এতে যুক্ত করতে হবে।
মিছিল ও সমাবেশ শেষে নেতারা সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন এবং জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।





