চট্টগ্রামের চট্টগ্রাম নগরীর হালিশহরে বাসার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় তিনি ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে একই পরিবারের আরও চারজন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, নিহত শাওনের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার বিকেলে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়ার পথে নুর জাহান আক্তার রানী (৪০) নামে আরেকজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় অবস্থিত ছয়তলা ভবন হালিমা মঞ্জিল-এর তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মোট নয়জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পাখি ও শাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। অন্যদের মধ্যে একজনের শরীর ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকি কয়েকজনের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।





