চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ দাশের বড় ভাই সাগর দাশ জানান, আকাশ আগে একটি মৎস্য খামারে কাজ করতেন। ওই খামারের কিছু কর্মচারীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পাহাড়তলী বিটাক এলাকায় আকাশকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সাগর দাশ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবসার বলেন, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





