চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র‍্যালিতে ভিড় ও সেতু ভেঙে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতদের একজন মো. মাহফুজ (৩৫)। তিনি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা এবং মৃত শামসুল আলমের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাহফুজ মাটিতে পড়ে যান। পরে ভিড়ে পদদলিত হয়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোহাম্মদপুর ষোলশহর এলাকায় র‌্যালি শেষে ফেরার পথে একটি ছোট সেতু ভেঙে পড়ে আরেকজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।