চট্টগ্রামের হাটহাজারীতে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ওসমান গণির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হাবিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত ওসমান গণি শিশুটিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশু মাহিরা।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত ওসমান গণি পালিয়ে যান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা রোমানকে আটক করা হয়েছে।