চট্টগ্রামে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে হাসনাত আবদুল্লাহ ওই বাসায় গেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও স্থানীয় লোকজন বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা তার ওই বাসায় যাওয়ার উদ্দেশ্য জানতে চান এবং সেখানে কোনো বৈঠক হয়েছে কি না—সে বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাসার সামনে হট্টগোল শুরু হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহকে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়।

ঘটনার সময় আশপাশের বাসিন্দা ও পথচারীরাও ঘটনাস্থলে ভিড় করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।