চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে টানা উত্তেজনার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। ঘোষণার অনুযায়ী, হাটহাজারী পৌর এলাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাজুড়ে রোববার বিকেল ৩টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থীর সঙ্গে বাসার দারোয়ানের বাকবিতণ্ডা থেকে। রাত সাড়ে ১১টার দিকে ওই শিক্ষার্থী তাঁর ভাড়া বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কঠোর নজরদারি চালাচ্ছে প্রশাসন।





