চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ১জানুয়ারি  বৃহস্পতিবার সকাল ১০টায় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বই  বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন চবি  উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আজকে কিছু সংখ্যক শিক্ষার্থী বই পেয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যে বাকি শিক্ষার্থীরাও বই পাবে। নতুন শিক্ষাবর্ষে কঠোর পরিশ্রমের মাধ্যমে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠবে।