চবি প্রতিনিধি: জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে চবি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী শিক্ষক সমাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মুহম্মাদ রাশেদ নিজাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইমাম হোসাইন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব এবং সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি তিনটি দাবি জানান:
১. শরীফ ওসমান হাদিসহ জুলাই বিপ্লবীদের উপর হামলাকারী এবং হুমকিদাতা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
২. পতিত ফ্যাসিস্টদের চিহ্নিত সশস্ত্র ও সাংস্কৃতিক সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে আধিপত্যবাদের এজেন্ট ও ফ্যাসিস্ট সহযোগীদের পুনর্বাসন বন্ধ করতে হবে।
অধ্যাপক ড. কাজী মুহম্মাদ রাশেদ নিজাম বলেন, “সরকারের নমনীয়তা, প্রশাসনের অসহযোগিতা, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি এবং মিডিয়ার অন্যায় অসহযোগিতা হাদিদের মতো বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।”
ড. মোঃ ইমাম হোসাইন বলেন, “আজ আমরা বিবেকের তাড়নায় এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪-এর বিপ্লবের উপর প্রতিনিয়ত আঘাত চলছে। আবরার, ওসমান হাদিরা হামলার শিকার হচ্ছেন কারণ তারা আধিপত্যবাদকে মেনে নেননি। হাদি হয়তো ফিরে আসবেন, বা নাও আসতে পারেন, তবে আমরা সবাই ওসমান হাদির ভূমিকায় দাঁড়াবো।”





