চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গোলাম আযমের ব্যঙ্গাত্মক ছবি টাঙানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের ওয়াশরুম এবং কলা ঝুপড়ির দেয়ালে এসব ছবি দেখা যায়।
ছবিগুলিতে গোলাম আযমের মুখে জুতার চিহ্ন আঁকা ছিল এবং নিচে লেখা ছিল, “আমাকে জুতা মারুন।”
চাকসু এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “গোলাম আযম মুক্তিযুদ্ধের সময়ের কৃতকর্মের কারণে বিতর্কিত ব্যক্তি। অনেকের ক্ষোভ থেকেই হয়তো এই ধরনের কাজ হয়েছে।”
চাকসু জিএস সাঈদ বিন হাবিব জানান, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীর কেন্দ্র। সবাই তাদের রাজনৈতিক আদর্শ প্রকাশ করবে। শিক্ষার্থীরাই তাদের বিচার-বিবেচনার মাধ্যমে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, “ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা হলেও আমরা পরিবেশ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সক্রিয়। সবাইকে আহ্বান করছি, সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু রাজনীতি বজায় রাখুন।”
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা গোলাম আযমের ফাঁসি কার্যকর করেছিলেন।





