চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকায় শিথিলতা ও গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্রার্থী এস এম ফরহাদ।


\r\n

রোববার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ছাত্র শিবির সমর্থিত এই প্যানেলের প্রার্থী বলেন, “চবিতে মধ্যরাতে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনার জেরে যে সহিংসতা শুরু হয়েছে, তা দ্রুতই ভয়াবহ রূপ নেয়। শনিবার গভীর রাতে এবং রোববার দিনভর শিক্ষার্থীদের ওপর দফায় দফায় নির্মম হামলা চালানো হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এমনকি অনেককে কুপিয়ে ও ছাদ থেকে ফেলে গুরুতর আহত করা হয়।”


\r\n

তিনি আরও জানান, হামলা ঠেকাতে গিয়ে একাধিক শিক্ষকও আহত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে ফরহাদ বলেন, “এই সংকটময় মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে সময়োচিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি—এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”


\r\n

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফরহাদ বলেন, “চবি শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সঙ্গে প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকারও সমালোচনা করছি।”


\r\n

তিনি অবিলম্বে সংঘর্ষ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।


\r\n

উল্লেখ্য, চলমান সহিংসতায় অন্তত ৫০ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।