ভোলার চরফ্যাশনে বিএনপির ১০ কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় চরফ্যাশন উপজেলা জামায়াত কার্যালয়ে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করে তারা দলীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। যোগদানকারীদের জামায়াত নেতারা বরণ করেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন চরফ্যাশন ৫ নং ওয়ার্ড বিএনপি কর্মী শাহে আলম হাওলাদার, তাইয়্যেব হাওলাদার, জাহাঙ্গীর, মফিজুর রহমান, কামাল হোসেন, তুহিন, রিপন আম্মান, আবু তাহের ও পারভেজ হোসেন প্রমুখ।
জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের সভাপতি নুরনবী আল মামুন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন ভুঁইয়া, পেশাজীবী সংগঠনের সভাপতি রুহুল আমীন এবং চরফ্যাশন বাজারের ব্যবসায়ী ডা. হারুন অর রশিদসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
ভোলা-৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন যোগদানকারীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল জানিয়েছেন, নতুন যোগদানকারীরা মূলত বিএনপির নেতা বা কর্মী ছিলেন না এবং আগে আওয়ামী লীগে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, তিনি এলাকায় না থাকায় স্পষ্ট বলতে পারছেন না তারা বিএনপি করে কিনা।





