আমাদের দেশে চরিত্রবান নেতার অভাব আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দুর্নীতি দূর করবে। তাঁর দাবি, বাংলাদেশ দরিদ্র নয়, বরং সম্পদশালী দেশ। চরিত্রবান নেতৃত্বের অভাবের কারণে অতীতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।


\r\n

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল প্রয়াত আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।


\r\n

তিনি আরও বলেন, দেশের সম্পদের ঘাটতি নেই। এই সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হলে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে যেতে পারত।


\r\n

এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মন্দিরে হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। কিন্তু গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছেন।


\r\n

তিনি বলেন, দেশে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে। এ পরিস্থিতিতে তাঁদের ওপর হামলার চেষ্টা হচ্ছে। তিনি যুবকদের আহ্বান জানিয়ে বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কেউ আক্রমণ করতে এলে প্রতিহত করা হবে।


\r\n

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইনসহ অন্যরা।