‘সুপারম্যান’ সিনেমায় জেনারেল জোড চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয়। অভিনেতার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
টেরেন্স স্ট্যাম্প ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুপারম্যান’ ও ১৯৮০ সালের ‘সুপারম্যান ২’–এ খলনায়ক জেনারেল জোড চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ক্রিস্টোফার রিভের বিপরীতে তার অভিনয় সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্মরণীয় অংশ হয়ে ওঠে।
\r\nলন্ডনে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তিনি অস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন পান সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে।
\r\nদীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বহু বৈচিত্র্যময় চরিত্রে। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’ ছবিতে তিনি এক ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।
\r\nক্যারিয়ারের শেষভাগে থ্রিলার, কমেডি ও ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্রেও নিয়মিত ছিলেন তিনি।
\r\nতার মৃত্যুতে পশ্চিমা বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও বিশ্বজুড়ে ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন এক অসাধারণ ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে।





