মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কঞ্চিরহাট এলাকায় চা-বাগান দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলীর সমর্থকরা একটি চা-বাগান দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করলে টি-স্ট্যাটের মালিক বাবলুর লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে আইয়ুব আলীর লোকজন দেশীয় অস্ত্র, লাঠি-শোঠা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন মালিকপক্ষের লোকজন। এতে কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





