চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ শিউলি বেগম (৪২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে বুধবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।


\r\n

শিউলি বেগম চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লা বেপারীর স্ত্রী। গত রোববার রাত ৮টায় শহরের চৌধুরীপাড়া এলাকায় নিজ বাসভবনে সিলিন্ডার বিস্ফোরণে তিনি দগ্ধ হন। দুর্ঘটনার সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী এনায়েত ও কন্যা পিংকিও আহত হন। গুরুতর অবস্থা হওয়ায় শিউলিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।


\r\n

মৃত্যুকালে শিউলি বেগম স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে মৈশাদী বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।