নিজস্ব প্রতিবেদক, মতলব দক্ষিণ (চাঁদপুর):
যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে দূরে রাখতে এবং পরিবেশ রক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদীতে এক ব্যতিক্রমী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ মার্চ ২০২৬, সোমবার বিকাল ৪টায় স্থানীয় খেলার মাঠে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় মুখোমুখি হয় 'আলোর ছোঁয়া একাদশ' এবং 'নবজীবন একাদশ'।
উক্ত ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জনাব মো: আশরাফুর রহমান বাবু।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: হাফিজুর রহমান মানিক।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মতলব ডিগ্রি কলেজের সাবেক যুগ্ম-আহ্বায়ক জনাব মো: ফরহাদ সরকার আরিফ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব মো: শাহ গিয়াস। বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।
দিঘলদীর তরুণ সমাজকে সাথে নিয়ে এই প্রশংসনীয় আয়োজনের সার্বিক নেতৃত্ব ও ব্যবস্থাপনায় ছিলেন এলাকার ক্রীড়ানুরাগী তরুণ নূরে আলম, পাভেল, জসিম, রিপন, সামিম ও রাকিব।





