রংপুরে নির্মাণাধীন একটি পার্কের মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

\r\n

এর আগে ১ মার্চ গঙ্গাচড়া উপজেলার পূর্ব খলেয়া এলাকায় নির্মাণাধীন গ্রিন সিটি ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে এক লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর নাহিদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

\r\n

ভিডিওটিতে দেখা যায়, পার্ক কর্তৃপক্ষ নাহিদকে বলেন, ‘আপনি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই।’ তখন নাহিদ উত্তরে বলেন, ‘না, আপনি কেন কাজ বন্ধ করবেন? আপনি তো ভাই-ব্রাদার আমাদের, ভাইয়ের সঙ্গে রাতে কথা বলেন।’ এরপর নাহিদ আরও বলেন, ‘এক লাখ টাকা দিতে পারব না, ৫ হাজার টাকা দিই, তবে ১ লাখ টাকা কোথা থেকে দেব?’ নাহিদ উত্তরে বলেন, ‘না, না। আমি তাহলে আগাই। আপনি ভাইয়ের সঙ্গে কথা বলেন।’

\r\n

নাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমরা জানতে পারি একটি পার্কে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ৭-৮ জনের একটি টিম সেখানে গিয়ে দেখি বালু উত্তোলন হচ্ছে। পরে সেখানে একটি রিপোর্ট করি এবং বেশ কিছু ভিডিও ধারণ করি। তবে আমি কোনো চাঁদাবাজি করি না।’

\r\n

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, 'আমরা প্রাথমিকভাবে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নাহিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রের পরিদর্শনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'