রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা দাবির বিরোধে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টসের সামনে চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন চালক তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহত নুরে আলম শরীয়তপুর সদর উপজেলার শফিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মাতুয়াইলে পরিবার নিয়ে বসবাস করতেন। তার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।
স্বজনদের অভিযোগ, লেগুনা চালানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
যাত্রাবাড়ী পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





