চাঁদাবাজি প্রতিরোধ ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত ‘নবীন বাংলাদেশ’ নামে একটি চীনা কারখানা ১০০ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে।


কারখানা কর্তৃপক্ষ জানায়, ২০ থেকে ৩৫ বছর বয়সী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের এই সুযোগ দেওয়া হবে। চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।


নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিতদের মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি থাকবে বিনামূল্যে থাকার ব্যবস্থা, প্রতিদিন একবেলা খাবার, বছরে দুটি বোনাস এবং সাপ্তাহিক একদিন ছুটি। প্রয়োজন হলে মাসে পাঁচ দিন একত্রে ছুটি নেওয়ার সুযোগও রাখা হয়েছে।


প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করতে হবে, যার মধ্যে এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতি থাকবে। এছাড়া নামাজের জন্য আলাদা সময় বরাদ্দ থাকবে। নিয়োগপ্রাপ্তদের চীনা প্রকৌশলীদের তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।


কর্তৃপক্ষ আরও জানায়, যারা দক্ষতার সঙ্গে কাজ করবেন, তাদের পরবর্তীতে ‘নবীন চায়না কোম্পানি লিমিটেড’-এর মূল কারখানায় কাজের সুযোগ দেওয়া হতে পারে।

\r\n\r\n\r\n\r\n\r\n

আগ্রহীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির সেলস কর্মকর্তা আব্দুল রহমান জানান, ইতোমধ্যে ১২০টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পদে কাজের সুযোগ দেওয়া হবে।