চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না—এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এসব কথা জানান।
এদিন নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনী ইশতেহার।” ‘জনতার ইশতেহার’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মতামত নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে একটি নির্বাচনী প্রচারণায় ডা. শফিকুর রহমান বলেন, সব নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা গড়ে তুলতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যমূলক অর্থনৈতিক পরিস্থিতি দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশের শ্রমিক ও ধনীদের মধ্যে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে, তা না কমাতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, “অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তি পাচ্ছে না। দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।”
নির্বাচন ব্যবস্থার দুর্বলতার কারণে দেশের অপরাধ কমছে না বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “সব অপরাধের সূচনা হয় অপ–নির্বাচন থেকে। তাই আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি দেশ গড়তে পারেন।”
ক্ষমতায় গেলে কুরআন–সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করবেন না—এ ধরনের অঙ্গীকার অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব করলেও তাদের উদ্দেশে তিনি বলেন, “পারলে একবার ঘোষণা দিন—ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।”





