নিজেরই ব্যাংকের টাকা পরিশোধের সামর্থ্য নেই, অথচ জনসেবা করতে আসে—এমন রাজনীতিকদের কড়া ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসিনি। নিজেরই (ব্যাংকের) টাকা দেয়ার মুরোদ নাই আবার আসছে জনসেবা করতে। এ রকম ১৭শ কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থী আছে, ৫০০ কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থীও আছে, তাদেরকে একটি দল মনোনয়ন দিয়েছে। এই ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছাইড়া দেব। এই ঋণ খেলাপীদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার কোনো অধিকার নেই। তিনি দাবি করেন, এমন অনেক এমপি প্রার্থী রয়েছেন যারা ৫০০ থেকে ১৭শ কোটি টাকা পর্যন্ত ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন, অথচ একটি রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছে। এসব ঋণ খেলাপি ও চাঁদাবাজদের সংসদে যাওয়ার পথ বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে জিতি বা না জিতি—যারা জনগণের সঙ্গে প্রতারণা করে, দেশের টাকা বিদেশে পাচার করে পরিবার নিয়ে আরাম-আয়েশে থাকে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। জনগণের করের টাকা বিদেশে পাচারের কোনো সুযোগ দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

নির্বাচনী অর্থায়ন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো চাঁদাবাজের কাছ থেকে অর্থ নেওয়ার চেয়ে জনগণের কাছে সহযোগিতা চাওয়া সম্মানজনক। প্রয়োজনে জনগণের কাছেই অর্থ চাইবেন বলেও জানান তিনি।

বক্তব্যে তিনি দাবি করেন, দেবিদ্বারে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলেও তাদের পরাজিত করতে চাঁদাবাজ, ভূমিদস্যু ও কিছু বিদেশি শক্তি একজোট হয়েছে। তবে জনতা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই তাদের রুখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিন, দেবিদ্বার পৌর জামায়াতের আমির মো. ফেরদাউস আহমেদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিনসহ স্থানীয় নেতারা। সভাটি সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক রস্তম খান।